মিয়ানমার জান্তা সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার কক্সবাজারের টেকনাফের নাফ নদী বেষ্টিত সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ব্যাপক গুরুত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, উচ্চ পর্যায়ের তদারকি নিশ্চিত করতে ইতোমধ্যে একজন উপদেষ্টাকে নিয়োগ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "একা আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মূল করতে পারবে না, এর জন্য সবার সহযোগিতা এবং সম্পৃক্ততা প্রয়োজন।"
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফে বিজিবি কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেন এবং পরে কয়েকটি সীমান্ত পয়েন্ট পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান ছিদ্দিকী।